ভালুকায় দোকানে হামলায় দুই কিশোর আটক, খেলনা পিস্তল উদ্ধার
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় খেলনা পিস্তল দিয়ে দোকানে হামলা ও হুমকির ঘটনায় দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকার বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেইট সংলগ্ন মো. আল-আমিনের দোকানে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন গফরগাঁও উপজেলার বারোবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিফাত (১৬) ও চারিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সাদিকুল ইসলাম (১৮)। পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলটি আসলে একটি খেলনা অস্ত্র।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক আল-আমিন জানান, হঠাৎ তিনজন কিশোর তার দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ব্যবসা বন্ধ করতে হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে ধরে ফেলা সম্ভব হয়, তবে একজন কিশোর পালিয়ে যায়।
এ বিষয়ে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, কিছুদিন আগে দোকান মালিক আল-আমিনের সঙ্গে সিফাতের বাবার কথাকাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ঘটনাকেই কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।
ভালুকা আর্মি ক্যাম্প কমান্ডার জানান, হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে আটক করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, “এ ধরনের অপরাধকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রাথমিক তদন্তে আরও কিছু অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































